ভারতে আক্রান্ত দুই লাখের নিচে, মৃত্যু আরও ৩৫১১
বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো তিন হাজার ৫১১ জন।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার মানুষ। যা সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখের বেশি।
একইদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।
জানা গেছে, দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৫ লাখের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৬০ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।