উষ্ণতার প্রভাবে আইসল্যান্ডে ৭৫০ বর্গকিলোমিটার বরফ গলে গেছে
বর্তমান আইসল্যান্ডের ৭৫০ বর্গকিলোমিটার বরফ গলে গেছে
আইসল্যান্ডে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বিশাল এলাকায় বিপুল পরিমাণে বরফ গলে গেছে। সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে হিমবাহের মোট আয়তনের প্রায় ৭৫০ বর্গকিলোমিটার হারিয়েছে আইসল্যান্ড।
শতাংশের নিরিখে যা স্থলভাগের প্রায় ৭ ভাগ। উষ্ণায়নের প্রভাবে গত ২০ বছরে হিমবাহের দেশ আইসল্যান্ডের এ পরিণতি বলে দাবি বিশেষজ্ঞদের।
আইসল্যান্ডে গোটা স্থলভাগের ১০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ। ফলে হিমবাহ ক্ষয়ের জেরে ২০১৯ সালে দেশের আয়তন কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ বর্গকিমি।
এমনটিই দাবি আইসল্যান্ডের সায়েন্টিফিক জার্নাল ‘জোকাল’-এ প্রকাশিত ওই গবেষণাপত্রের।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৮৯০ সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ অঞ্চলের হ্রাস নজরে আসে। তবে ২০০০ সাল থেকে এই হার দ্রুত বেড়েছে।
হিমবাহ বিশেষজ্ঞদের একাংশের মতে, যা পরিস্থিতি তাতে ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।
গত এপ্রিলে ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, বিশ্বের কমপক্ষে ২২০০০০টি হিমবাহের প্রায় সবকটিই খুব দ্রুত হারে গলছে। যার জেরে বিশ্বজুড়েই বাড়ছে সমুদ্রের পানি স্তর।