রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ধোঁয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 29 নভেম্বর 2026, 12:21 দুপুর • 2 বার পঠিত
উড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ধোঁয়া

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা।

পরে রানওয়েতে উড়োজাহাজটির ডানপাশের ল্যান্ডিং গিয়ারের অংশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

রোববার বিকেল সাড়ে ৪টা নাগাদ এ ঘটনা ঘটে বলে জানান বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন।

তিনি বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ছিল ইউএস-বাংলার জেদ্দাগামী একটি ফ্লাইট। ফ্লাইটটি টেক-অফের সময় পাইলট বুঝতে পারেন, কিছু একটা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে তিনি আর টেক অফ করেননি।

“এ সময় ঠিক আগুনের ঘটনা ঘটেনি, তবে ধোঁয়া উড়তে দেখা গেছে। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, সেটি প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।”

ইউএস-বাংলার জেদ্দাগামী ওই ফ্লাইটটি (বিএস-৩৬১) বিকাল ৪টা ২০ মিনিটে উড্ডয়নের সূচি ছিল। রাত সোয়া ৯টায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা ছিল।

এয়ারবাসের এ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা।