রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

মোহাম্মদ খাইরুল আমিন • 29 নভেম্বর 2026, 12:22 দুপুর • 2 বার পঠিত
৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ থেকে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে নবম গ্রেডে ৪৪০০০-১০৫৯০০ বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।  প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ৭৬ জন, সহকারী কর কমিশনার পদে ৩৮ জনসহ বিভিন্ন ক্যাডারে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

এতে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৬ জানুয়ারি।

২০২৫ সালের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪ হাজার ৪২ জন উত্তীর্ণ হন। এরআগে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা ৮ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়।

২০২৪ সালের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।

বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে।