তুরস্ক রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশেই থাকবে
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন । তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়। তুরস্ককে পাশে পাবে বাংলাদেশ।
শনিবার (৮ জানুয়ারী ২০২২২) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ৫০ শয্যার তুর্কি ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মাণাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছু সময় খেলায় মেতে ওঠেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে এ সময় কথা বলেন তিনি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের সাবান তৈরির কারখানা ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দু’জন সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান প্রমুখ।