বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্ক ৩ হাজার দাঙ্গা পুলিশ পাঠাচ্ছে কাতারে

অনলাইন নিউজ পোর্টাল 11 ডিসেম্বর 2021, 09:07 রাত 252 বার পঠিত
তুরস্ক ৩ হাজার দাঙ্গা পুলিশ পাঠাচ্ছে কাতারে

কাতারে ৩ হাজার দাঙ্গা পুলিশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার এ ঘোষণা দেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু। তিনি বলেছেন, উপসাগরীয় দেশ কাতারে তুরস্কের দাঙ্গা পুলিশ ইউনিটের ৩ হাজার সদস্যকে পাঠানো হবে। এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, পুলিশ সদস্যদের সঙ্গে তুরস্কের নিরাপত্তা বাহিনীর একজন সমন্বয়ক এবং ৪০ জনের বেশি নিরাপত্তা উপদেষ্টা থাকবেন। তুরস্ক নিরাপত্তার জন্য কিছু প্রশিক্ষিত কুকুরও পাঠাবে।

মূলত ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পুলিশ পাঠানো হচ্ছে দেশটিতে। কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে ২০২২ সালের ২১ নভেম্বর। রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। ৩২ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শেষ হবে মাত্র ২৮ দিনেই। অর্থাৎ ফাইনাল ম্যাচটি হবে একই বছরের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।

এ সম্পর্কে সোইলু আরও বলেন, আমরা আশা করছি, দায়িত্ব ঠিকমতো পালন করতে পারব। এটি খুবই আনন্দের খবর যে, এত বড় একটি প্রতিযোগিতার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের দেয়া হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক একটি গুরুতর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং ২০১৭ সাল থেকেই তারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পরামর্শে এ আলোচনা চলছিল।

এরদোগানের কাতার সফরের দুইদিন পর আঙ্কারায় স্বরাষ্ট্রমন্ত্রী সোইলু বলেন, প্রেসিডেন্টের কাতার সফরের সময় বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন চুক্তি সই হয়। ইউরোপের বহু দেশ কাতারে নিরাপত্তা সংক্রান্ত সেবা দেয়ার জন্য আবেদন জানিয়েছিল। কিন্তু কাতার এ কাজের জন্য আমাদের বেছে নিয়েছে।

সোইলু বলেন, তিন হাজারের বেশি দাঙ্গা পুলিশের সদস্য পাঠানোর সক্ষমতা তুরস্কের রয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে। তুরস্ক ইতোমধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া তুরস্কে ও কাতারে দোহার নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।