বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রেকিং করতে গিয়ে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 23 অক্টোবর 2021, 08:52 রাত 236 বার পঠিত
ট্রেকিং করতে গিয়ে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু

তুষারধসের কবলে পড়ে ট্রেকিং করতে গিয়ে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহী মারা গেছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৪ জন ও জীবিত উদ্ধার হয়েছে ২ জন।

জানা গেছে, উত্তরাখণ্ডের লামখাজ পাস এলাকায় এ ঘটনা ঘটেছে। বিশ্বের অন্যতম কঠিন, ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এই পার্বত্য পথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচু। লামখাজ পাস ভারতের হিমাচল রাজ্যের কিন্নাউর জেলাকে যুক্ত করেছে উত্তরাখণ্ডের হারসিল রাজ্যের সঙ্গে।

জানা যায়, প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে গত ১৮ অক্টোবর পথ হারান ওই ১৭ পর্বতারোহী। তাদের মধ্যে ছিলেন পর্যটক, গাইড এবং কুলি।

তাদের নিখোঁজ হওয়ার দুই দিন পর, ২০ অক্টোবর থেকে ওই অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। ভারতের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার কর্মীদের সমন্বয়ে গঠিত হয়েছে এই বাহিনী।

উদ্ধার অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যে, ২১ অক্টোবর লামখাজ পাসের ১৫ হাজার ৭০০ ফুট উচ্চতা থেকে ৪ টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় এনডিআরএফ। তারপর ওই পার্বত্য পথের ১৬ হাজার ৫০০ ও ১৬ হাজার ৮০০ ফুট উচ্চতা থেকে উদ্ধার করা হয় বাকি ৭ মরদেহ ও ২ জীবিতকে।

ভারতের বিমান বাহিনীর দু’টি চপার হেলিকপ্টার সার্বক্ষনিকভাবে ওই এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে এনডিআরএফ। এ বিষয়ক এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, উদ্ধারকৃত মরদেহ এরইমধ্যে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবিত ২ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।