তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাই কোর্ট (এএইচসি) তোষাখানা মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে দেওয়া তিন বছর কারাদণ্ডের সাজা স্থগিত করেছে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মেহমুদ জাহানগিরির ডিভিশন বেঞ্চ দারুণ আলোচিত মামলার বহুল প্রত্যাশিত এই আদেশটি দেন। এই খবর জানিয়েছে পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।
গত ৫ আগস্ট তোষাখানা মামলার রায়ে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেছিলেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত।
তখন রায়ে এ কথাও জেলা ও দায়রা আদালত জানান যে ইমরান খান আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর পর গত ৮ অগাস্ট জেলা বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাই কোর্টে আপিল আবেদন করেছিলেন ইমরান খান।
আগের রায় ঘোষণার পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে এখন পর্যন্ত তিনি পাঞ্জাবের 'আটক' কারাগারে কারাদণ্ড ভোগ করছেন।