শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে আইসিইউতে
রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শনিবার (২৩ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপ-মহাপরিচালক রুকশান বেল্লানা জানিয়েছেন, বিক্রমাসিংহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গ্রেপ্তারের পর তিনি তীব্র পানিশূন্যতায় আক্রান্ত হন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল আছেন।
এর আগে, শুক্রবার দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডনে ব্যক্তিগত সফরে তিনি প্রায় ১ কোটি ৬৬ লাখ রুপি (প্রায় ৫৫ হাজার ডলার) সরকারি অর্থ ব্যবহার করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
বিরোধী দলগুলো অভিযোগ করেছে, আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনায় আশঙ্কিত হয়ে বর্তমান সরকার বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি দুর্নীতি দমন অভিযানের অংশ।
প্রসঙ্গত, ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের পর বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হয়েছিলেন। তার নেতৃত্বে শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ নিশ্চিত করেছিল।