স্পেনে অনিয়মিত অভিবাসীদের বিভিন্ন দাবিতে মহাসমাবেশ
স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে ২৩ দিন পর আবারো বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি রাজধানী মাদ্রিদের বন্কো দে ইস্পানিয়া থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট খ্যাত সোলে গিয়ে শেষ হয়। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী রবিবার বিকেল ৬টায় মাদ্রিদের বন্কো দে ইস্পানিয়া এলাকায় দলে দলে লোক ব্যানার ও ফেস্টুন হাতে সমাগম হতে থাকে। হাজারো মানুষের অংশগ্রহণ আর স্লোগানে মুখরিত হয় বন্কো দে ইস্পানিয়া এলাকা।
এ সময় বিক্ষোভকারীরা এক নাগাড়ে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, সবাইকে নিয়মিত করা হোক, আমরা যারা নিয়মিত, আমাদের যাদের কাগজ আছে তারাও একাত্মতা প্রকাশ করছি সবাইকে নিয়মিত করা হোক।
সূত্র মতে, স্পেনে ১০ হাজার বাংলাদেশিসহ অবৈধ হয়ে পড়া মোট অনিয়মিত বা অভিবাসীর সংখ্যা দুই লাখ। তারা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো, সোমালিয়া, তিব্বত ও আফ্রিকার অভিবাসী।
মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় ইউরোপের দেশগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ইতালি, স্পেন, পর্তুগাল ও ফ্রান্স উল্লেখযোগ্য। আক্রান্ত দেশগুলোর মধ্যে অনেক দেশ এরইমধ্যে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দিয়েছে। স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীরাও ভেবেছিলেন, অন্যান্য দেশের মতো স্পেন সরকারও অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেবে।
করোনার এ সংকট সময়ে স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের জন্য স্পেনের পার্লামেন্টের সদস্য, মেয়র, কমিশনার, ও বিশিষ্ট ব্যক্তিরা সরকারকে অনুরোধ করেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সন্তোষজনক সাড়া না পাওয়ায় মাদ্রিদে অনিয়মিত অভিবাসীদের নিয়ে কাজ করা প্রায় ১৩টি সংগঠনসহ স্প্যানিশ আরো ৪২৯টি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। গত ৯ জুলাই এ আন্দোলনের ডাক দেয়া হয়।