সোভিয়েত ইউনিয়নের ভুলগুলো এড়াতে সংবিধান পরিবর্তন
সাংবিধানিক সংশোধনীগুলো রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের ভুলগুলো এড়াতে সক্ষম করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের সংবিধান ধীরগতির ছিলো যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো। তাই সাবেক সোভিয়েত ইউনিয়নের দুঃখজনক পরিণতি রোধ করতেই রাশিয়ার সংবিধানে সংশোধন করা হয়েছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে সংবিধান বিশেষ একটি শ্রেণিকে তাদের নিজেদের ও কম্যুনিস্টদের ভাগ্যকে গোটা জাতির ভাগ্যের সঙ্গে জুড়ে দেয়ার অনুমতি দেয় তা বিলম্বিত মাইন ছাড়া আর কিছুই নয়। তাই এই মাইনের বিস্ফোরণ থেকে দেশকে রক্ষা করার জন্য সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো উপায় ছিলো না। আমি পুরোপুরি নিশ্চিত যে বর্তমান সংবিধানের সংশোধনী পাস করে আমরা সঠিক কাজ করেছি। এটি আমাদের রাষ্ট্রক্ষমতা জোরদার করবে। এছাড়া আগামী কয়েক বছর ধরে আমাদের দেশের ধারাবাহিক বিকাশের পরিস্থিতি তৈরি করবে।
সম্প্রতি রাশিয়ার সংবিধানে সংশোধনী এনেছেন প্রেসিডেন্ট পুতিন। আগামী ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে এই পরিবর্তন আনেন তিনি। এরপর গত সপ্তাহে সংবিধানের এ পরিবর্তনের ওপর অনুষ্ঠিত গণভোটে জয়ী হন পুতিন। সমালোচকদের মতে, এ সংশোধনীর মাধ্যমে মূলত আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থাকে পাকাপোক্ত করেছেন ভ্লাদিমির পুতিন।