বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৌদির বিমানবন্দরে হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2026, 08:16 সকাল • 4 বার পঠিত
সৌদির বিমানবন্দরে হামলা: ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার পর ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে; তাতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৪১টি সরাসরি ফ্লাইট এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। আর দাম্মাম ও রিয়াদে বিমান বাংলাদেশ ১৭ অক্টোবর পর্যন্ত তাদের ফ্লাইট স্থগিত করেছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া, ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ার ও কাতার এয়ারওয়েজের ৭টি করে ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ২টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।

ঢাকা থেকে সৌদি আরবের চারটি গন্তব্যে সরাসরি ও বিরতি দিয়ে (ট্রানজিট) ফ্লাইট চলাচল করে। এগুলো হচ্ছে রিয়াদ, দাম্মাম, মদীনা ও জেদ্দা।

এরমধ্যে রিয়াদের কিং খালিদ বিমানবন্দর একেবারেই বন্ধ রয়েছে। দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরেও ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে, প্রচুর ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।

এই দুটো এয়ারপোর্টে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মদিনা থেকে ফ্লাইট চলাচল করছে ঠিকভাবেই। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে সপ্তাহের শুরুতে ফ্লাইট চলাচল কিছুটা ব্যহত হলেও এখন সেখানে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ চালু রয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী এয়ারলাইন্সগুলো টিকেট থাকা সাপেক্ষে রিয়াদ ও দাম্মামের যাত্রীদের মদীনা ও জেদ্দায় নিয়ে যাচ্ছে।

বিমানের একজন কর্মকর্তা বলেন, ভিসার মেয়াদ যাদের শেষের দিকে, তেমন যাত্রীদের বিনামূল্যে টিকেট পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

“বিমানের কোনো ফ্লাইটে যেন আসন খালি না যায়, সেজন্য কখনো ওভারবুকিংও হয়ে যাচ্ছে। ইমিগ্রেশন ক্রস করার পরও কিছু যাত্রীকে ফেরত আনার ঘটনা ঘটেছে। কিন্তু পরের ফ্লাইটে আবার তারা চলে যাচ্ছেন।”

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, টিকেট পরিবর্তনের পুরো বিষয়টিই ঘটছে আসন খালি থাকা সাপেক্ষে। কারণ এসব রুটে আগে থেকেই বুকিং ছিল।

গত শনিবার থেকে ইয়েমেনি হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে কয়েক দফা হামলা চালিয়েছে।

সেদিন দুপুর সোয়া ৩টায় রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা চালানো হয়, তা সৌদিতে নিকট অতীতে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন এবং আহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বুধবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে আরও হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

সৌদি আরবের তেল জায়ান্ট 'সৌদি আরামকো'র সদরদপ্তরে হুতিদের হামলার পরদিনই এই ঘোষণা এল। ওই হামলায় সদরদপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

হুতিরা বলেছে, হুমকি দেওয়া জায়গাগুলো তাদের জন্য সঠিক লক্ষ্যবস্তু। তারা জানায়, ইয়েমেনে সৌদি আরবের হামলার বদলা নিতেই তারা এই পাল্টা হামলা চালিয়েছে।ফলে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের কারণে নতুন করে শুরু হওয়া যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাতে করে আরও বহু ফ্লাইট বাতিল হতে পারে।