সেনাদের সরিয়ে নিচ্ছে ভারত-চীন
অবশেষে পূর্ব লাদাখের বেশ কিছু এলাকা থেকে পিছু হটলো ভারত ও চীনের সেনা সদস্যরা।
গত মাসে গলওয়ান উপত্যকা, প্যাংগং তটসহ একাধিক এলাকায় সেনা সমাবেশ ঘটিয়েছিল ভারত ও চীন। উত্তর সিকিম থেকে পূর্ব লাদাখের মধ্যে বেশ কয়েকটি জায়গায় চীনা বাহিনীর বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগ করে ভারত। ওই সব এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিল।
এরপরই দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বিরোধ নিরসনের উদ্যোগ নেয়া হয়। এই সীমান্ত সমস্যা নিয়ে শনিবার চীন ও ভারতের সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বুধবার লাদাখে দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারো বৈঠকে বসার কথা রয়েছে।
গলওয়ান উপত্যকাসহ যেসব এলাকায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রায় সব ক’টি থেকে সেনা সদস্যদের ফিরিয়ে আনা হয়েছে। ভারত ও চীনের সেনা সদস্যরা ওই এলাকাগুলো থেকে ৩-৪ কিলোমিটার করে পিছিয়ে গিয়েছে। বুধবারের বৈঠক যাতে উপযুক্ত পরিবেশে হতে পারে, তা নিশ্চিত করতেই সেনাদের পিছিয়ে নেয় দুই দেশ।