মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 07:54 সকাল • 3 বার পঠিত
সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। সোমবার (২৩ নভেম্বর) ভোরে আসামের কাছাড় জেলায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সদস্যকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে কয়েকজন সন্দেহভাজন গরু পাচারকারীর উপস্থিতির খবর পান বিএসএফ সদস্যরা।

সেখানে চার থেকে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।তাদের আটকাতে দায়িত্ব দেওয়া হয় বিএসএফের দুই সদস্যকে।

তারা হলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।বিএসএফ সদস্যরা এগিয়ে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন।

তাদের ধাওয়া করতে দুই জওয়ানও নদীতে নামেন। একপর্যায়ে জিতেন্দ্র যাদব সাঁতরে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে ভেসে যান কে ভেনু। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘটনার পরপরই তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে বরাক নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।