মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক নয়: হাসিনার উড়োজাহাজ চাওয়া প্রসঙ্গে হুমায়ুন

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 08:06 সকাল • 3 বার পঠিত
বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক নয়: হাসিনার উড়োজাহাজ চাওয়া প্রসঙ্গে হুমায়ুন

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, “ইচ্ছা করতে পারে, মানে বেডে ঘুমাইয়া নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখে, নাইটমেয়ারের মধ্যে দেখে, ‘আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি’। না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।

“আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।”

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার খবর দিয়েছে রয়টার্স। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে এদিন সকালে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে, অনেক লেখাই লেখাইতে পারে।

“কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।”

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, “…সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।”

রয়টার্স লিখেছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো দিন জানালেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি মঙ্গলবার সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন হুমায়ুন কবির। ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “এরা (আওয়ামী লীগ) মনে করে যে, এগুলা (সহিংসতা) করে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এবং মানে মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না।

“আপনি যদি দেখে থাকেন, এটা উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। তারাই আতঙ্কিত হচ্ছে। এই টেররিস্টরাই আতঙ্কিত হচ্ছে। এজন্য আমি বলছি না যে—‘জয় বাংলা’ এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান। মানে জয় বাংলা বলেই মনে হয় কেউ মারতেছে দৌড়।”

আরেক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান হবে দৃঢ়, এটাই বলতে পারি। আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।”

দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে (এনআইডি) গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স।

ওই অনুরোধের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস। এর পাঁচ দিন বাদে শেখ হাসিনার মুখপাত্র উড়োজাহাজে করে বিজয় দিবসে তাকে দেশে ফেরানোর দাবির কথা তুলে ধরেন।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতোই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোববার রয়টার্সকে বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।