বিমান, বাস বা রিকশা—কোনোটাই পাঠানোর কোনো কথা হয়নি: শামা ওবায়েদ
কোনো পরিবহন পাঠানো নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, “আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন—একই উত্তর দেব যে, এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে—দণ্ডপ্রাপ্ত তাদেরকে আসামি হিসেবেই তারা যদি আসে, তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে।
“এর ব্যত্যয় কোনো ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সাথে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?”
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার খবর দিয়েছে রয়টার্স। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।
শামা ওবায়েদ বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, দণ্ডপ্রাপ্ত আসামি। তো যেকোনো অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে, তাদের ব্যাপারে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।
“এখন রয়টার্স, বিমান পাঠানোর কোনো তাদের এখতিয়ার নাই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে, কোথা থেকে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল আপনারা টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “জুলাই-অগাস্টে যারা এই বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে যেই সাজাপ্রাপ্ত যারা আসামিরা লুকিয়ে আছে বিভিন্ন দেশে ভারতসহ, তাদের সকলকে এই এক্সট্রাডিশন ট্রিটির আওতায় তাদেরকে ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া প্রসেস সেটা চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি।”
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্ট’ বর্ণনা করে শামা ওবায়েদ বলেন, “এই যে একটা পলিটিকাল স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট যে ১৬ই ডিসেম্বর ১৭ই ডিসেম্বর, ভাই আসুক না।
“আসলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে যে উনার নেতাকর্মীরা; উনি তো বিপদে উনার নেতাকর্মীদেরকে ফেলে পালিয়ে গেছে।
“খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ যারা কর্মী আছে, নেতা আছে—তাদেরকে বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে তারা। তো সুতরাং এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ ভেরি ক্লিয়ার, সরকার ভেরি ক্লিয়ার যে উনি আসবে, আসলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে এবং আইন তার নিজস্ব গতিতে এগোবে।”
দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। ওই অনুরোধের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।
ওই চিঠির উত্তর দেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী শামা বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হওয়ার কারণে শেখ হাসিনা আইন অনুযায়ী ‘পাসপোর্ট পাবেন না।’ এইটার ব্যত্যয় তো ঘটবে না।
দিল্লির হাই কমিশনে শেখ হাসিনা গেলে, তাকে গ্রেপ্তারের সক্ষমতা বাংলাদেশ মিশনের আছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। উনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। জুলাই উনি যখন থেকে পলায়ন করেছেন, তারপর থেকে এখন পর্যন্ত উনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই।
“এখন উনার উনি কোথায় কি যাবেন, না যাবেন ইটস ইমম্যাটেরিয়াল। ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের ডিপ্লোম্যাটিক চ্যানেলে, কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে।”
প্রতিমন্ত্রী শামা বলেন, “আমাদের ৮৪টা মিশনের যেকোনো জায়গায় ইটস কনসিডার্ড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবেন, সেখানেই অ্যারেস্ট হবে।”
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।