মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পলাতক আসামির জন্য উড়োজাহাজ চাওয়ার দাবি ‘হাস্যকর’: প্রধান কৌঁসুলি

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 08:03 সকাল • 3 বার পঠিত
পলাতক আসামির জন্য উড়োজাহাজ চাওয়ার দাবি ‘হাস্যকর’: প্রধান কৌঁসুলি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে উড়োজাহাজের ব্যবস্থা করার দাবিকে ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে খবর দিয়েছে রয়টার্স। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমিনুল ইসলাম বলেন, “এটি একটা হাস্যকর ঘটনা। আমি মনে করি, এই যে মুখপাত্রের বরাত এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি একটা উন্মাদনা ছাড়া আর কিছুই না।

“কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।”

ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন পলাতক আসামিদের দিল্লিতে সংবাদ সম্মেলন এবং আগরতলা ও পেট্রাপোল সীমান্তে যাতায়াতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান কৌঁসুলি বলেন, “বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে তো তারা কিছু করছে না। এখন অন্য দেশে যদি কোনো আসামির কোনো তৎপরতা থাকে, সেটিতে কূটনৈতিক চ্যানেলে বলা ছাড়া...।”

বিদেশে পলাতক আসামিদের তৎপরতার খবর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে আসছে দাবি করে তিনি বলেন, “এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল অথবা বাংলাদেশ আওয়ামী লীগের এই সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি, এইটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে তারা প্রমাণ করে দিচ্ছে।”

আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, “তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।”

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে প্রধান কৌঁসুলি বলেন, “আমাদের কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কমপ্লেন (অভিযোগ) আছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা বিচার চেয়েছেন।

“আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি এটার অভিযোগকারী এবং ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন শেষ হলে সময়মতো আমরা অবহিত করতে পারব।”