সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
সংসদ সদস্য থাকাকালে কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তার তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছে।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে বলেন, “মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন।
“আজ (বৃহস্পতিবার) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।”
ডরিনের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ডের বিরোধিতা করে বলেন, “মামলায় ডরিনের মক্কেলের নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন।”
বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ‘দুষ্কৃতিকারীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতা করতে জড়ো হন। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ।
এ মামলায় ডরিনের রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার রিমান্ড প্রয়োজন।