বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2026, 12:16 দুপুর • 4 বার পঠিত
চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে কাট্টলী রাসমনি ঘাট এলাকায় ভূমি অফিস ও হালিশহর বড় পুল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া বলেন, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তার কার্যালয়ের আওতায় থাকা কাট্টলী ইউনিয়ন ভূমি অফিসে দুজন আগুন দেয়। তবে আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

“কার্যালয়টির দুই পাশে সীমানা প্রাচীর ও দুই পাশে কাঁটাতারের বেড়া ছিল। বেড়া ফাঁক করে দুই দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে আগুন দেয়। ধোয়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যায়।”

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।”

অপরদিকে বৃহস্পতিবার ভোরে নগরীর হালিশহর থানার বড় পুল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “আগুনে বক্সটির জানালা আংশিক পুড়ে গেছে ও ভেতর ও বাইরের কিছু অংশ কালো হয়ে গেছে। আগুন দেখে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলেন।”

ওসি বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা খুঁজতে আশেপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করছি “