পূর্ব ইউক্রেনে রকেট হামলায় নিহত অন্তত ৩০
ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেল স্টেশনে দুটি রুশ রকেটের আঘাতে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। এই রেল স্টেশনটি পূর্বাঞ্চল থেকে বেসামরিক মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি শুক্রবারের এই হামলার কথা জানিয়েছে। রেলওয়েজের চেয়ারম্যান ওলেকসান্দার কামিশিন বলেছেন, দোনেৎস্কের ক্রামাতোরস্কে এ রকেট হামলা হয়েছে। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।’
কিন্তু রাশিয়া এই হামলা করার কথা উড়িয়ে দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম আরটি দায়িত্বশীল বরাত থেকে অভিযোগ উড়িয়ে দেওয়ার কথা বলেছে।
এই হামলায় রাশিয়া ইস্কান্দার বা টোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি ইউক্রেনের। কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী বলছে, ছবি দেখে মনে হচ্ছে হামলায় টোচকা-ইউ ক্ষেপণাস্ত্রই ব্যবহার হয়েছে। তবে ওই ক্ষেপণাস্ত্রটি ‘শুধু ইউক্রেনের বাহিনীই’ ব্যবহার করে।
এদিকে হামলার শহর ক্রামাতোরস্কের সিটি কাউন্সিল সাধারণ মানুষ জনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেছেন, রেল স্টেশনটিতে রকেটের আঘাতে কয়েক ডজন হতাহত হয়েছে বলে পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছে।
কিরিলেঙ্কো জানান, রকেট হামলা যখন হয় তখন রেল স্টেশনটিতে কয়েক হাজার লোক ছিল। তাদের অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।
এই ঘটনার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইনস্টাগ্রামে বলেছেন, ‘যুদ্ধের ময়দানে আমাদের সামনে দাঁড়ানোর হিম্মত ও সাহস না থাকায় তারা (রুশ বাহিনী) এখন নিষ্ঠুরভাবে বেসামরিক জনগোষ্ঠীকে গুড়িয়ে দিচ্ছে। এই শয়তান এমন যার সীমা পরিসীমা নেই, শাস্তি না হলে এ থামবে না।’