পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বললেন পেলে
ফুটবল কিংবদন্তি পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে বললেন। শতাব্দির সেরা এই ফুটবলার বুধবার ইউক্রেন-স্কটল্যান্ড বিশ্বকাপ প্লেঅফ সেমি-ফাইনালের ম্যাচের আগে ইনস্টাগ্রামে পোস্ট করা এক খোলা চিঠিতে এই আহ্বান জানিয়েছেন।
‘‘আজ অন্তত ৯০ মিনিটের জন্য হলেও ইউক্রেন ভুলে থাকতে চাইবে সেই ট্র্যাজেডিকে যাতে তাদের দেশ ভূগছে-’’ লিখেছেন পেলে।
‘‘আজকের এই ম্যাচকে আমি একটি অনুরোধ জানানোর সুযোগ হিসেবে বেছে নিতে চাই: আগ্রাসন বন্ধ করো। এই ধরনের সন্ত্রাস চালিয়ে যাওয়ার কোনো মানে নেই-’’ তিনবার বিশ্বকাপ শিরোপা জেতা ফুটবলার পেলে লিখেছেন এসব লিখেছেন পুতিনের উদ্দেশে।
পেলে আরো লিখেছেন, ‘‘এই লড়াই খারাপ, অযৌক্তিক। এতে যন্ত্রণা, আতঙ্ক, সন্ত্রাস ও ক্লেশ ছাড়া আর কিছু নেই...যুদ্ধ শুধু দেশকে ভাগ করতে জানে। এমন কোনো মতাদর্শ নেই যাতে এটা বলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে শিশুদের স্বপ্নের কবর রচনা করা যায়, পরিবারকে ধ্বংস করা যায় এবং নিস্পাপদের হত্যা করা যায়।’’
পুতিনের সঙ্গে তার আগে দেখা হয়েছে। আন্তরিক দীর্ঘ করমর্দন হয়েছে। হাসি বিনিময় হয়েছে। সেই কথা মনে করে পেলে পুতিনকে লিখেছেন, ‘‘এই সংঘর্ষ বন্ধের ক্ষমতা আপনার (পুতিন) হাতে। মস্কোতে যার সঙ্গে আমি হাত মিলিয়েছি ২০১৭ সালে আমাদের শেষ দেখায়।’’