প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন জো বাইডেন। উইসকনসিন স্টেটে মিলওয়াকি সিটিতে ‘ইউনাইটিং আমেরিকা’ স্লোগানে ডেমক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়।
ভার্চুয়াল রোল-কলের পর সিনেটর ক্রিস কুনস এবং রিপ্রেজেনটেটিভ লিসা ব্লান্ট রোচেস্টার মনোনয়ন বক্তৃতায় বাইডেনের নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণার উদ্দেশ্যে প্রধান দুই পার্টির জাতীয় সম্মেলন হয়ে থাকে। করোনা আতঙ্কে এবারই প্রথম ভার্চুয়াল সম্মেলন হচ্ছে।
ডেমোক্র্যাট প্রতিনিধিরা এবং ৫০টি অঙ্গরাজ্য ও সাতটি অঞ্চলের সাধারণ মানুষদের অধিকাংশ সমর্থন বাইডেনের পক্ষে গেছে। মনোনয়ন পাওয়ার পর স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে বাইডেন বলেন, এটা প্রমাণ করে বিশ্ব আমার ও আমার পরিবারের দিকে। অভিষেক অনুষ্ঠানে ডেমোক্র্যাট দলের প্রবীণ রাজনীতিক ও প্রাক্তন প্রেসিডেন্টদের অকুণ্ঠ সমর্থন ও ব্যাপক প্রশংসা অর্জন করেন জো বাইডেন।