প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ড
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আকাশ আহমেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের শুনানি করেন। আসামিপক্ষে মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গত ১০ অক্টোবর তেজগাঁও থানার এসআই মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার দিনই তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।