প্রাণ বাঁচাতে কিয়েভ ছাড়ছে সাধারণ মানুষ
ইউক্রেনে বেশ জোরেশোরেই হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের তিন দিক সীমান্ত দিয়ে হামলা চালানো হয়েছে। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।
এদিকে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে, মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।
সামাজিক মাধ্যমে অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে, তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন। রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে এটিএম বুথের সামনে লাইন দিতে দেখা যাচ্ছে।
এদিকে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ৫টি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার পরে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।
ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।