পাকিস্তান সেনাবাহিনীকে সীমান্তে বেড়া নির্মাণে তালেবানের বাধা
আফগানিস্তান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর নিরাপত্তা বেড়া তৈরিতে বাধা দিয়েছে আফগান ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের সেনারা। তালেবানের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের সামরিক বাহিনী আন্তর্জাতিক সীমান্তে বেড়া নির্মাণকাজ শুরু করায় বাধা দেওয়া হয়েছে বলে বুধবার আফগান কর্মকর্তারা জানিয়েছেন।
কাবুলের আপত্তি সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের বেশিরভাগ অংশে বেড়া নির্মাণ করেছে পাকিস্তান। ব্রিটিশ আমলের নির্ধারিত এই সীমান্তের কারণে অনেক পরিবার ও গোত্র দুই দেশের মাঝে বিভক্ত হয়ে পড়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রোববার পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর অবৈধ বেড়া নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে তালেবান সেনারা।
এ ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি জানিয়ে তালেবানের এই কর্মকর্তা বলেছেন, সবকিছুই এখন স্বাভাবিক আছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনী।