সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2026, 12:34 দুপুর • 3 বার পঠিত
পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ তাদের সবশেষ শাসনামলে পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান।

ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন মন্তব্য করে তিনি বলেছেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী, যেখানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে।

“রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।”

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। দলটির সাংগঠনিক তৎপরতা নেই, অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড করছে।

“সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয়।”

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতি তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।

বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, অনলাইন এডিটরস ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।