সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে হামলায় আহত শ্রমিকের ১২ দিন পর মৃত্যু, গ্রেপ্তার ৪

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2026, 11:03 দুপুর • 2 বার পঠিত
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে হামলায় আহত শ্রমিকের ১২ দিন পর মৃত্যু, গ্রেপ্তার ৪

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলায় আহত একটি জুতা কারখানার শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত ২৩ বছর বয়সী মো. সেলিম আশুলিয়ার আউকপাড়া এলাকার ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ কারখানার সুইং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানিয়েছেন, সেলিম আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়।

দুপুরে তিনি বলেন, নিহতের পরিবারের কারও সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন।

মামলাযর বিবরণে বলা হয়, চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গত ৩ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে বহিরাগত বিভিন্ন কারখানার প্রায় দুই থেকে তিনশ শ্রমিক লাঠিসোঁটা, ইট-পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে আউকপাড়ার ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেড কারখানার ফটকে আসেন। এ সময় তারা নিরাপত্তা প্রহরীদের গেইট খুলে শ্রমিকদের বের করে দিতে বলেন।

তখন নিরাপত্তার স্বার্থে প্রহরীরা গেইট খুলতে অস্বীকৃতি জানালে বহিরাগত শ্রমিকরা কারখানার গেইট ও সিকিউরিটি রুমের জানালার গ্লাস ভাঙচুর করে। তখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেয়।

এ সময় হামলাকারীরা ট্রেন্ট সুজ ও ফরচুন জিপার কারখানার শ্রমিক মো. সেলিম (২৩), মো. রাকিব (২৪) ও লিমনসহ (২৫) বেশ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আশুলিয়া এলাকার ‘নিট প্লাস’ কারখানার শ্রমিক রনজিৎ বিশ্বাসের (৩৫) নেতৃত্বেই এ হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

এই ঘটনায় ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রিন্স সরদার বাদী হয়ে গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা (নং-১৬) দায়ের করেন। মামলায় রনজিৎ বিশ্বাসের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

এসআই আনোয়ার হোসেন বলছেন, “হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। মামলা হওয়ার পর এজাহার নামীয় প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছে।”

তিনি বলেন, শ্রমিকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের তথ্য জানতে মামলার বাদী ও কারখানার কর্মকর্তা প্রিন্স সরদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।