সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2026, 12:32 দুপুর • 5 বার পঠিত
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে চুক্তির আওতায় যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তবে এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি তার জানা নেই।সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে।

বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। আইনি বিষয়গুলোর খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে। তিনি এখন বিদেশে অবস্থান করছেন। কীভাবে তাকে দেশে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সরকার মনে করে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো তিনিও দেশে ফিরে এসে সাজা ভোগ করবেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনের কোনো ভিত্তি বাংলাদেশের আইনে নেই। ভারতের সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকেও এ ধরনের কোনো প্রস্তাব আসেনি।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এলে বাংলাদেশ তা গ্রহণ করে জবাব দেবে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে কে কী প্রতিবেদন প্রকাশ করছে, সেটি দেখার সময় সরকারের নেই।

ভারত বাংলাদেশের সঙ্গে এ ধরনের দুটি শর্ত নিয়ে কোনো পর্যায়ে যোগাযোগ করেছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি।’

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলেই যে তিনি বাংলাদেশের পাসপোর্ট পাবেন, বিষয়টি এমন নয়। কেউ সাজাপ্রাপ্ত আসামি হলে বা তার বিরুদ্ধে মামলা থাকলে তাকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্ক প্রভাবিত হচ্ছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বড় বিষয়।

তিনি বলেন, ‘আমরা বিষয়টিকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছি। বাংলাদেশের বর্তমানে আলোচনার অনেক বিষয় রয়েছে। সরকার অনেক কাজ করছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধেরও আগে থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক শুধু একটি বিষয়কে কেন্দ্র করে সীমাবদ্ধ নয়। আমাদের বিভিন্ন ইস্যু রয়েছে, কূটনীতির মাধ্যমে সেগুলোর সমাধান করব।’

তবে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের পেট্রোল বোমা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির ইতিহাস রয়েছে। বর্তমানে যে ধরনের সহিংস কর্মকাণ্ড হচ্ছে, সেগুলোর সঙ্গেও আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন একটি দেশে বসে কেউ যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে সরকার হিসেবে বিষয়টি মোকাবিলা করা প্রয়োজন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ বাতিল হয়েছে বলে প্রকাশিত সংবাদকে ভুল তথ্য আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘মিটিং বাতিল হয়নি, পিছিয়েছে। এটি সচিব পর্যায়ের বৈঠক। দুই পক্ষই মনে করছে, কিছুদিন পর সুবিধাজনক সময়ে বৈঠকটি হলে ভালো হবে। এটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে আর কথা বলতে রাজি হননি।

বাংলাদেশে সম্ভাব্য ভিআইপি সফরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সামনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর রয়েছে। উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের বৈঠকে ভারত সফর কিংবা গঙ্গার পানিবণ্টন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকে কী কী বিষয় আলোচনা হয়েছে, সেটি এখানে বিবেচ্য নয়।