অটোনমাস ওয়ার রোবটের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া
যুদ্ধের ময়দানে শত্রুর সঙ্গে স্বাধীনভাবে লড়াইয়ে উপযোগী অটোনমাস ওয়ার রোবটের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। নিজেদের সামরিক বাহিনীকে এই স্বয়ংক্রিয় যুদ্ধ রোবটে সজ্জিত করার পরিকল্পনা নিয়েছে দেশটি।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শনিবার এক বিবৃতিতে বলেন, উচ্চ-প্রযুক্তির এই সামরিকযান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে। তিনি বলেন, এই রোবটের গণ উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।
এই রোবটকে ‘ভবিষ্যতের অস্ত্র’ বলে আখ্যা দিয়ে শোইগু জানান, এটি কোনো পরীক্ষামূলক পদক্ষেপ নয়।
রাশিয়া এরইমধ্যে ইউরান-৯ সহ বেশ কিছু স্বাধীন ও আধা-স্বাধীন মেশিন তৈরি করেছে যা রোবটিক অস্ত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এ অস্ত্র হচ্ছে ছোট ট্যাংকের মতো দেখতে যাতে রয়েছে ৩০ মিলিমিটারের কামান, কয়েকটি আগুনের গোলা ছোঁড়ার যন্ত্র ও চারটি গাইডেড এন্টি-ট্যাংক মিসাইল রয়েছে।
যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র শত্রুপক্ষের ওপর নজরদারি করতে পারে এবং গোলাগুলিতে সমর্থন দিতে পারে। এজন্য নিজের পক্ষের সেনাদের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে বলে জানিয়েছে রাশিয়া।