অনলাইনে শিক্ষাদানের সিদ্ধান্তটি একেবারেই ভুল: ট্রাম্প
লস অ্যাঞ্জেলস এবং সান দিয়াগো'র বিদ্যালয়গুলোতে আগস্ট থেকে কেবল অনলাইনে শিক্ষাদানের সিদ্ধান্তটি একেবারেই ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অভিভাবক এবং শিক্ষকদের বলবো আপনাদের উচিত নতুনভাবে চিন্তা করা। কেননা যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা একেবারেই খুব বাজে একটা সিদ্ধান্ত। কারণ শিশু ও তাদের বাবা-মায়েরা মানসিক বিকারগ্রস্থ হয়ে মারা যাবে। তারা মারা যাবে, কারণ তারা যা করতে চাইবে, তা করতে পারবে না। মায়েরা বাইরের কাজে বের হতে পারবে না, কারণ তাদের সন্তানরা বাড়িতে থাকবে এবং শিশু ও তাদের বাবাকে দেখভাল করতে হবে।
লস অ্যাঞ্জেলস ও সান দিয়াগো স্কুল ডিস্ট্রিক্টে সাত লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। সোমবার সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী স্কুল শিক্ষাবর্ষের ক্লাস অনলাইনে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্লাসরুম খোলা হবে বলেও জানায় তারা। এদিকে নিউইয়র্ক সিটির স্কুলগুলো জানিয়েছে, তারা অফলাইন ও অনলাইন ক্লাস চালু করবে। এছাড়া ওয়াশিংটন ডিসির উপশহর, মেরিল্যান্ডের কর্তৃপক্ষও অনলাইন ক্লাস চালুর ঘোষণা দিয়েছে।
ট্রাম্প বলেন, এটা ভারসাম্য রক্ষার বিষয় কিন্তু আমাদের স্কুল খুলতে হবে। কিন্তু ডেমোক্র্যাটরা স্কুল খুলতে দিতে চায় না। এর মাধ্যমে তারা অর্থনীতির ক্ষতি এবং আমাকে নির্বাচনে জয়ী হতে দিতে চায় না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।