বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নিজস্ব নিয়ম ভেঙে ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 12:41 দুপুর • 3 বার পঠিত
নিজস্ব নিয়ম ভেঙে ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

নিজস্ব ক্রয় নীতিমালায় ছাড় দিয়ে ইসরায়েলি একটি ফোন-হ্যাকিং কোম্পানির কাছ থেকে নজরদারি ও তথ্য উদ্ধারের (ফোন-এক্সট্র্যাকশন) প্রযুক্তি কেনার পথ প্রশস্ত করেছে ভারত।

ডিজিটাল অধিকার সংগঠন ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ (আইএফএফ)-এর অনুসন্ধান ও আল জাজিরার হাতে আসা নথিতে দেখা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে সরকারি ফরেনসিক সংস্থাগুলোর জন্য অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তি পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে।

এ ঘটনায় মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

নথি পর্যালোচনায় দেখা যায়, গত ৭ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয় নীতিমালা থেকে এক বছরের জন্য ব্যাপক ছাড় দেন অমিত শাহ।

সাধারণত এই নীতিমালায় বিদেশি সরবরাহকারীদের বদলে যোগ্য ভারতীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে; তবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর অনুমোদনে এতে ছাড় দেওয়ার সুযোগ থাকে।

তাছাড়া ২০ জানুয়ারির আরেক চিঠিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) প্রায় ৫ কোটি রুপিতে (৫ লাখ ২৯ হাজার ৯৪৭ ডলার) ইসরায়েলি প্রতিষ্ঠান ‘সেলেব্রাইট’-এর প্রিমিয়াম টুলের তিন বছরের লাইসেন্স কেনার অনুমতি দেওয়া হয়।

কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যই নয়, বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস-শাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটক সরকারও ফোন থেকে তথ্য উদ্ধার ও ক্লোন করার একই ধরনের প্রযুক্তি কিনেছে।

ইনস্টাগ্রাম থেকে টিন্ডার: ক্লাউড তথ্যেও নজরদারি

কোনো কোম্পানিকে নীতিমালায় ছাড় দেওয়ার অর্থ এই নয় যে, সরকারি সংস্থাগুলো তালিকাভুক্ত সব পণ্যই কিনে ফেলেছে; তবে এর মাধ্যমে ভারতীয় সংস্থাগুলোর সামনে নজরদারি ও ফরেনসিক সক্ষমতার যে বিশাল ক্ষেত্র উন্মুক্ত হয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

ছাড় পাওয়া ৪২২টি পণ্যের মধ্যে ১১৮টি ডিজিটাল ফরেনসিক সরঞ্জাম শনাক্ত করেছে আইএফএফ; যার মধ্যে সেলেব্রাইট ছাড়াও ম্যাগনেট, অক্সিজেন ফরেনসিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার এবং ডার্ক-ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি তদন্তের টুল রয়েছে।

সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ায় সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে সেলেব্রাইটের এসব টুল ব্যবহারের নজির রয়েছে।

দিল্লি পুলিশের দরপত্র নথিতে দেখা যায়, তারা ম্যাকওএস, উইন্ডোজ ও লিনাক্সের পাসওয়ার্ড এবং ফোনের স্ক্রিন লক ভাঙার পাশাপাশি মুছে ফেলা ফাইল ও এনক্রিপ্ট করা ব্যাকআপ উদ্ধারের সফটওয়্যার চেয়েছে।

এ ছাড়া জব্দ করা ডিভাইস থেকে ‘লগইন টোকেন’ নিয়ে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স, টেলিগ্রাম ও টিন্ডারের মতো ডেটিং অ্যাপসহ শতাধিক ক্লাউড সেবা, ড্রোন এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের তথ্য সংগ্রহের প্রযুক্তিও চাওয়া হয়েছে।

সাংবাদিক ও ইউটিউবারের ফোনে অনুপ্রবেশের অভিযোগ

নিরাপত্তা সংস্থাগুলোর এই নজরদারি সক্ষমতা নিয়ে উদ্বেগ এখন আর কেবল তাত্ত্বিক পর্যায়ে নেই। গত মাসে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে শহরে এসেছিলেন মোদীবিরোধী জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।

বিক্ষোভের দিন সকালে বাড়িতে থাকা অবস্থাতেই দিল্লি পুলিশ তাকে আটক করে এবং ফোন নিয়ে নেয়। পরে এক পডকাস্টে রাঠি বলেন, তার সন্দেহ, পুলিশ সেলেব্রাইটের টুল দিয়ে তার আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল; তবে আইওএস এর নতুন সংস্করণ থাকায় তা ব্যর্থ হয়।

আল জাজিরা রাঠির এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ‘সিয়াসাত ডেইলি’র প্রতিবেদক মোহাম্মদ আসলাম হুসেইন।

হুসেইন জানান, ১০ অক্টোবর নয়াদিল্লিতে এক ক্যামেরাপারসনসহ পুলিশ তাকে আটক করে এবং ঘটনাস্থলেই তার ফোন জব্দ করে। প্যাটার্ন লক ও ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি সন্ধ্যায় ফেরত পেয়ে তিনি দেখেন, সংবাদ সংগ্রহের সব ভিডিও ফুটেজ বেছে বেছে মুছে ফেলা হয়েছে।

কীভাবে তার ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করা হল, সে প্রশ্ন তুলেছেন তিনি। মোদীর শাসনামলে সাংবাদিক ও বিরোধীদের বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ নতুন নয়।

২০১৯ সালে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের ‘পেগাসাস’ স্পাইওয়্যার দিয়ে সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মাঙ্গনালের মতো ভারতীয় সাংবাদিকদের ফোনে নজরদারির প্রমাণ পেয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল; যদিও সরকার বরাবরই তা অস্বীকার করে আসছে।

আইনি শূন্যতা ও তদারকির অভাব

সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা ভান্ডারী আল জাজিরাকে বলেন, ভারতের নজরদারি সক্ষমতা যেভাবে বাড়ছে, তাতে নির্দিষ্ট ব্যক্তির বদলে গণনজরদারি চালানো সহজ হয়ে গেছে; অথচ ভুক্তভোগীরা তা জানতেও পারেন না।

আইএফএফ-এর মতে, জব্দ করা ফোন জোরপূর্বক আনলক করা বা লগইন টোকেন সংগ্রহের বিষয়ে ভারতে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে রায় দেয় যে, এতে রাষ্ট্রের যে কোনও হস্তক্ষেপের আইনি ভিত্তি ও যৌক্তিকতা থাকতে হবে।

বৃন্দা ভান্ডারী আরও বলেন, যুক্তরাজ্য বা জার্মানিতে নজরদারি কার্যক্রমে সংসদীয় বা বিচার বিভাগীয় তদারকি থাকলেও ভারতে কেবল নির্বাহী বিভাগের অভ্যন্তরীন পর্যালোচনা ব্যবস্থা রয়েছে, যা নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (যার অধীনে দিল্লি পুলিশ কাজ করে) এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কেউ সাড়া দেননি।