বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬

মোহাম্মদ খাইরুল আমিন 09 নভেম্বর 2022, 09:53 সকাল 374 বার পঠিত
নেপালে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬

নেপালের ডোটি জেলায় ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত হয়েছেন। জানা যায় আজ বুধবার দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনা ঘটে।
 
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬।

রয়টার্সের অংশীদার ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে বেশকিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।