নাকাল ব্রাজিল, ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সংক্রমণে নাকাল অবস্থা ব্রাজিলের। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে গতকাল মঙ্গলবার (১৬ মার্চ)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষের জেরবার অবস্থা।
করোনাভাইরাস নিয়ে পরিসংখ্যান প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গতকাল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৯৮ জন। এর আগে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৩৪৯ হন।
সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ার পাশাপাশি গতকাল ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৪ জন, একদিনে যা দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে শীর্ষ সংক্রমণের দিনটি ছিল গত ৭ জানুয়ারি, শনাক্ত হয়েছিলেন ৮৭ হাজার ১৩৪ জন।
আক্রান্ত এবং মৃত্যু মিলিয়ে বিশ্বের মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই এখন ব্রাজিলের অবস্থান। ল্যাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন। মোট মৃত্যু ২ লাখ ৮২ হাজার। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লাখ ৪ হাজার ৫৪১ জন।