মিয়ানমারের ৩ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার তদন্ত শেষে দেশটির ৩ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত।
জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ আনা হয়। এরপরই মঙ্গলবার দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে এমন বিরল রায়ের ঘোষণা এলো।
সেনাবাহিনীর অত্যাচারের কারণে প্রায় সাড়ে ৭ লাখ মুসলিম রোহিঙ্গারা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যায় এবং সেখানেই আশ্রয় গ্রহণ করে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, রাখাইনের গু দার পাইনসহ বিভিন্ন গ্রামে নৃশংসতা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে অন্তত ৫টি গণকবর পাওয়া গেছে বলেও জানানো হয়।
মঙ্গলবার কমান্ডার ইন চিফের অফিস ঘোষণা দেয় যে, ৩ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। তাদের সাজা দেয়া হয়েছে। তবে অপরাধীদের পরিচয়, অপরাধ ও শাস্তির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।