করোনায় যুক্তরাষ্ট্রে আগামী তিন সপ্তাহে হতে পারে ২০ হাজার মৃত্যু
মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে আগামী তিন সপ্তাহে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সর্বশেষ মডেলে এ তথ্য জানিয়েছে। করোনায় সম্ভাব্য সংক্রমণ ও মৃত্যু নিয়ে তৈরি সিডিসি’র মডেলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ২২ আগস্টের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আরো ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে।
সিডিসি আরো জানিয়েছে, দেশটির আলবামা, কেন্টাকি, নিউজার্সি, পুয়ের্তো রিকো, টেনিসি ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনায় এই নতুন মৃত্যুগুলো ঘটতে পারে। এই রাজ্যগুলোর কয়েকটিতে এর আগে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছিল। তবে সম্প্রতি সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন সংক্রমণের জন্য তরুণ জনগোষ্ঠীই অধিকাংশ ক্ষেত্রে দায়ী। মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মানার অনীহার কারণেই তাদের মধ্যে সংক্রমণ বেশি ঘটছে।
নিউজার্সির গভর্নর বলেছেন, যারা মাস্ক পরছেন না কিংবা বাড়ির মধ্যে আনন্দ আয়োজন করছেন তারা করোনার সংক্রমণ বাড়াচ্ছেন। এটা এখনই বন্ধ করতে হবে। প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।