করোনায় আক্রান্ত ব্রাজিল প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজে সাংবাদিকদের বিষয়টি জানান। এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন। প্রেসিডেন্ট বোলসোনারো দেশটিতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বারবার এ মহামারিকে তুচ্ছজ্ঞান করেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধিকেও অবহেলা করে আসছিলেন।
এবার টেলিভিশন লাইভে নিজের করোনা সংক্রমণের কথা জানালেন আলোচিত এই প্রেসিডেন্ট। বোলসোনারো জানালেন, তার শরীরে করোনার উপসর্গ বলতে জ্বর ও কফ রয়েছে। তবে এমআরআই পরীক্ষায় ফুসফুসের অবস্থা ভালো দেখা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী প্রেসিডেন্ট বোলসোনারো গত শনিবার থেকে ক্লান্তিবোধ করছিলেন। সোমবার সন্ধ্যায় উপসর্গ দেখা দিতে শুরু করে এরপর তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়।
গত মার্চে ব্রাজিলে প্রথম করোনার রোগী শনাক্ত হয়। কিন্তু প্রেসিডেন্ট এ সংক্রমণ প্রক্রিয়াকে একদম উড়িয়ে দেন এবং তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগদান অব্যাহত রাখেন। এসব জনসমাগমে যোগদানের সময় কখনো তাকে ভুল পদ্ধতিতে মাস্ক পরতে দেখা যায় আবার কখনো তিনি মাস্ক ব্যবহার করতেন না।
শেষ খবর অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ। এর মধ্যে ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।