কোভিড ভ্যাকসিনের সংকট চরম আকার ধারণ করেছে ভারতে
ভারতে কোভিড ভ্যাকসিনের সংকট চরম আকার ধারণ করেছে। দেশটির পুনেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের জোগানে ভাটা পড়েছিল আগেই। বুধবার দিল্লির রাজ্য সরকারও অভিযোগ করেছে, কোভ্যাকসিনের নির্মাতা ভারত বায়োটেকও তাদের নতুন করে আর টিকা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এর ফলে দিল্লিতে শতাধিক ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দিতে হয়েছে।
রাজধানী দিল্লি ছাড়াও ভারতের নানা প্রান্তে টিকা-প্রত্যাশীরা অ্যাপে বুকিং পাচ্ছেন না, টিকাকেন্দ্রে গিয়েও তাদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে বা চূড়ান্ত নাকাল হতে হচ্ছে বলেও অভিযোগ উঠছে।
গত ১৬ জানুয়ারি ভারতে মহাধূমধামে যে বিশাল টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল, ১০০ দিন যেতে না যেতেই সেই কর্মসূচি কার্যত মুখ থুবড়ে পড়েছে।
প্রথম দুই-আড়াই মাসে ভারত প্রায় ৭০টি দেশে সাড়ে ছয় কোটির মতো ভ্যাকসিন রফতানিও করেছিল। কিন্তু পরে রফতানি বন্ধ করে দিলেও দেশের অভ্যন্তরীণ চাহিদাও এখন কুলিয়ে ওঠা যাচ্ছে না।
ভ্যাকসিন সংগ্রহের জন্য দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে কার্যত প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। আর এরইমধ্যে দিল্লির আম আদমি পার্টির সরকার অভিযোগ করেছে, কেন্দ্রের নির্দেশেই ভারত বায়োটেক তাদের কোভ্যাকসিন পাঠাতে অস্বীকার করেছে।