বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণে ৮ জন নিহত, আইএসের দায় স্বীকার

মোহাম্মদ খাইরুল আমিন 06 আগস্ট 2022, 11:16 দুপুর 849 বার পঠিত
কাবুলে বিস্ফোরণে ৮ জন নিহত, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত আট জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে শিয়া অধ্যুষিত এলাকায়।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কাবুলের এই হামলার দায় স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানায়, শুক্রবার কাবুলের পশ্চিমাংশে তাদের চালানো হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছেন। 

‘‘জনাকীর্ণ একটি এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে-’’ পুলিশের মুখপাত্র খালিদ জারদান এই কথা বলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণ স্থলে আহতদের সাহায্য করতে লোকজন জড়ো হচ্ছেন। 

পরিচয় প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে এটা জানা গেছে যে বিস্ফোরকগুলো একটা সবজির গাড়িতে লুকানো ছিল। তিনি বলেন, এই বিস্ফোরণে নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি হতাহত হয়েছে।

আইএসের আফগানিস্তান শাখা ২০১৪ সাল থেকে দেশটিতে তৎপরতা চালিয়ে আসছে। গত বছরের আগস্টে তালেবানরা দেশের ক্ষমতা নেওয়ার পর থেকে আইএসকেই দেশটির সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

কট্টরপন্থি এই জঙ্গি গোষ্ঠী আফগানিস্থানে হওয়া সাম্প্রতিক হামলাগুলোর দায় স্বীকার করেছে। এসব হামলার বেশিরভাগই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর চালানো হয়েছে।