জর্ডানে প্রায় এক হাজার শিক্ষককে গ্রেফতার
জর্ডানে আন্দোলনে অংশ নেয়ায় বিভিন্ন অভিযোগে প্রায় এক হাজার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গত বছরের অক্টোবরে বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘতম ধর্মঘটের আয়োজন করেছিলো দেশটির শিক্ষকদের একটি সংগঠন।
জানা গেছে, শিক্ষকদের বৃহত্তম প্লাটফর্ম হিসেবে পরিচিত এই সংগঠনের নেতা-কর্মীদের ওপর সরকারের নানা নিপীড়নমূলক তৎপরতা শুরু হয়ে যায়। এরই ধারাবাহিকতায় এই গ্রেফতার চলছে।
গ্রেফতারকৃতদের আইনজীবীরা জানান, গত মাসে হঠাৎ করেই দেশ জুড়ে শিক্ষকদের বৃহত্তম ওই সংগঠনটির সব শাখা বন্ধ করে দেয় সরকার। দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় এর সব কার্যক্রম। ওই ট্রেড ইউনিয়নটির ১৩ জন নির্বাচিত সদস্যকে গ্রেফতার করা হয়। শিক্ষকদের আটকাতে জরুরি ভিত্তিতে আইনপ্রণয়নও করা হয়। এছাড়া জর্ডানের গণমাধ্যমগুলোকে শিক্ষকদের গ্রেফতারের খবর প্রচার না করার ব্যাপারেও কড়া নির্দেশনা দেয়া হয়।
পর্যবেক্ষকরা বলেন, দেশটিতে করোনার কারণে অর্থনৈতিক সংকট বাড়ছে। ফলে দাবি-দাওয়ার মুখে সরকারের দমন-পীড়নের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারি সূত্রে জানা গেছে, শিক্ষকদের সংগঠনটির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে। তাই নিষিদ্ধ এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওই সংগঠনটির প্রতি সহানুভূতিশীলদের ব্যাপারে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটছে।