জেলখানার দরজা খুলে দিল তালেবান,কাবুল জুড়ে উড়ছে নতুন পতাকা
আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বাগরাম বিমানঘাঁটিতে অবস্থিত বাগরাম কারাগারের দরজা খুলে দিয়েছে তালেবান। বন্দি সব তালেবান যোদ্ধাদের মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাবুলের প্রায় সব সরকারি ভবনের মাথায় উড়ছে তালেবানের পতাকা।
এ কারাগারের দখল ছিল আমেরিকার সেনাবাহিনীর হাতে। কিন্তু আফগানিস্তান থেকে আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে গত ১ জুলাই আফগান সেনাবাহিনীকে সেই জেলের দায়িত্ব দেওয়া হয়।
তবে শুধু তাই নয়, এর আগে কান্দাহার থেকে শুরু করে আফগানিস্তানের যেসব শহরের দখল তালেবান নিয়েছে, সেই শহরের জেল থেকে বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে। কাবুলের দখল নেওয়ার পর ইতোমধ্যে প্রায় সব সরকারি ভবন খালি হয়ে গেছে। সেসব ভবনের মাথায় উড়ছে তালেবানের পতাকা। গোটা শহরজুড়ে ক্ষমতা বদলের ছবি স্পষ্ট। চলছে উল্লাস। জনপথে গাড়ির ভিড়ে যানজট তৈরি হয়েছে। সবাই নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছেন।
এদিকে প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে সমঝোতা করেছেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। তিনি আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।