জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
ইসলামিক বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংগঠনটির অর্থায়ন বন্ধ এবং সম্পত্তিতে প্রবেশাধিকার সীমিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
আইআরএফের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ৪২ ধারার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আইনের ৭ ও ৮ ধারায় উল্লেখিত ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
নতুন ক্ষমতাবলে ইউএপিএর ৭ ধারা অনুযায়ী, রাজ্য সরকারগুলো লিখিত আদেশের মাধ্যমে আইআরএফের অর্থ, জামানত ও ঋণসংক্রান্ত লেনদেন এবং অর্থ স্থানান্তর বন্ধ করতে পারবে। সরকারের লিখিত অনুমতি ছাড়া এসব অর্থ ব্যবহার করা যাবে না।
এ ছাড়া নিযুক্ত গেজেটেড কর্মকর্তা সংগঠনটির আর্থিক নথি ও লেনদেন তদন্ত করতে পারবেন।অন্যদিকে, আইনের ৮ ধারা অনুযায়ী, আইআরএফের কার্যক্রমে ব্যবহৃত বাড়ি, ভবন, তাঁবু বা নৌযান চিহ্নিত করার ক্ষমতাও দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করতে পারবেন। পাশাপাশি সন্দেহভাজন সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ এবং অনাবাসীদের প্রবেশাধিকার সীমিত করতে পারবেন।
এ ছাড়া অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এসব স্থানে থাকা বা প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবেন।
ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের ফলে আইআরএফের আর্থিক কার্যক্রম ও সম্পত্তি ব্যবহারের ওপর রাজ্য সরকারগুলোর নিয়ন্ত্রণ আরও বাড়বে।