২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৯৯, ‘আওয়ামী লীগের’ ৪৯
একদিনে ঢাকায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ, যাদের মধ্যে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ জন রয়েছেন।
এই সময়ে মামলা হয়েছে ৫২টি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি বলছে, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এতে সবচেয়ে বেশি ১৩৯ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এছাড়া ওয়ারীতে ৭৯ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, লালবাগে ৫৯ জন, মতিঝিলে ৪৫ জন, গুলশানে ৪৪ জন, উত্তরায় ৪২ জন, রমনায় ২৩ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে ২ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, সাতটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩০৭টি ইয়াবা, চার কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন ও ৩২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
পাশাপাশি ‘একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে’ বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বার্তায় জানিয়েছে ডিএমপি।