বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2026, 08:09 সকাল • 4 বার পঠিত
ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা ‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি’ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত ৩৫০ জন ফিলিস্তিনি শিশু ‘চরম অমানবিক পরিস্থিতিতে’ দিন কাটাচ্ছে।

‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি’ বলছে, ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানোর প্রবণতা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবারও অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহর থেকে অন্তত ছয় শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

আল জাজিরা লিখেছে, অবরুদ্ধ গাজায় নিখোঁজ ও বলপূর্বক গুমের শিকার মানুষের সংখ্যা হাজার হাজার। সে কারণে ঠিক কত শিশুকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মুক্তির দিনক্ষণ ছাড়া শিশুদের অনির্দিষ্টকাল আটকে রেখে তাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই শিশুরা পরিবার ও শিক্ষা জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

সংগঠনটি বলছে, গ্রেপ্তারের পর শিশুদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

চরম নির্যাতনের উদাহরণ হিসেবে ১৫ বছর বয়সী মোহাম্মদ হামিদের একটি ঘটনা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

কুখ্যাত ওফার কারাগারে বন্দি থাকাকালে সে অত্যন্ত সংক্রামক চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত হয়। যথাসময়ে চিকিৎসা না পেয়ে পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে স্থানান্তর করা হয়।

সেখানে তার হার্ট সার্জারি করাতে হয় এবং একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।

এছাড়া মেগিদ্দো কারাগারে ছয় মাস বন্দি থাকার পর ২০২৫ সালের মার্চে ১৭ বছর বয়সী কিশোর ওয়ালিদ আহমেদ মারা যায়। অনাহারে থাকার স্পষ্ট প্রমাণ সত্ত্বেও ‘মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি’ এমন যুক্তি দেখিয়ে গত ডিসেম্বরে ওয়ালিদের মৃত্যুর তদন্ত কার্যক্রম বন্ধ করে দেন এক ইসরায়েলি বিচারক।

প্রতিবেদনে বলা হয়, কেবল ফিলিস্তিনিরাই নয়, কোনো অভিযোগ ছাড়াই একাধিক মার্কিন পাসপোর্টধারী অপ্রাপ্তবয়স্ককেও বন্দি রেখেছে ইসরায়েল।

এদের মধ্যে মেগিদ্দো কারাগারে বন্দি ফ্লোরিডার কিশোর মোহাম্মদ ইব্রাহিম মার্কিন আইনপ্রণেতা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের দীর্ঘদিনের চাপে মুক্তি পেয়েছে।

তবে গত জুনে পশ্চিম তীরের বাড়ি থেকে গভীর রাতে তুলে নেওয়া আবদেলকারিম ইসা আহমেদ সাফি কারাগারে ১৮ বছরে পা রাখার পর তাকে প্রাপ্তবয়স্কদের সেলে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে গত জুলাইয়ে আটক ১৬ বছর বয়সী মার্কিন নাগরিক আদম ওয়াজেহের জামিন হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে তার মুক্তি বাতিল করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি কারাগারে শিশুদের নির্বিচার বন্দিদশা, নির্যাতন ও অনাহারে রাখা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে কেবল অধিকৃত পশ্চিম তীর থেকেই ২৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।