ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড
ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। স্থাপনাটির কর্মকান্ড যথারীতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়, নাতাঞ্জ ফুয়েল সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা দ্বারা ইরানের যে কয়টি স্থাপনায় নজরদারি করা হয় এই স্থাপনাটি সেগুলোর মধ্যে অন্যতম।
ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ওই অগ্নিকাণ্ড হয়। সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায় যে, স্থাপনাটির একটি শেড আংশিকভাবে পুড়ে গেছে।
সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, যে শেডের ক্ষতি হয়েছে আমরা সেটির তদন্ত করছি। তবে কোনো হতাহতের ঘটনা নেই। স্থাপনাটি নিষ্ক্রিয় ছিলো। ওখানে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিলো না। এছাড়া ঘটনাস্থলে কোনো কর্মীও ছিলো না।