ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া এবং প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে অন্তত ১০১ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো বহু লোক।
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বাঁধ উপচে বন্যার পানি ছড়িয়ে পড়ায় কয়েক হাজার বাড়িঘর নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেস থেকে পূর্ব তৈমুর পর্যন্ত বিস্তৃত।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সাংবাদিকদের বলেন, কাদা ও চরম প্রতিকূল আবহাওয়া বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ধ্বংসস্তুপের পাহাড় অনুসন্ধান ও তল্লাশী অভিযান বাধাগ্রস্ত করছে।
এদিকে ভয়াবহ এই বন্যা ও ভূমিধসের ঘটনায় পূর্ব তিমুরে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্ষুদ্র এই দ্বীপটির অবস্থান ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝখানে। বন্যায় দেশটির রাজধানী দিলি ডুবে গেছে। অধিকাংশ মৃত্যুই হয়েছে দিলিতে।