ইচ্ছেমতো স্কুল ফি নেওয়া বন্ধ, স্বস্তি কি ফিরবে অভিভাবকদের?
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় খেয়ালখুশিমতো ও অতিরিক্ত ফি আদায়ের দীর্ঘদিনের অভিযোগের লাগাম টানতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরের শ্রেণিতে উত্তীর্ণ হলে আর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। পাশাপাশি মফসল থেকে শুরু করে মহানগর পর্যন্ত এলাকাভেদে আবেদন ও ভর্তির সর্বোচ্চ ফি বেঁধে দেওয়া হয়েছে।
আবেদন ও ভর্তি ফির নতুন সীমা
সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে আবেদনের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ ২৫০ টাকা।
বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে | বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে |
- মফসল এলাকা: সর্বোচ্চ ৫০০ টাকা
- উপজেলা পর্যায়: সর্বোচ্চ ১,০০০ টাকা
- জেলা সদর: সর্বোচ্চ ২,০০০ টাকা
- ঢাকা ছাড়া অন্যান্য মহানগর : সর্বোচ্চ ৩,০০০ টাকাকা
রাজধানী ঢাকার ক্ষেত্রে আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে সর্বোচ্চ ৫,০০০ টাকা নেওয়া যাবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে নির্দিষ্ট সীমার মধ্যে ফি নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া উন্নয়ন ফি বাবদ ৩,০০০ টাকার বেশি আদায়ের সুযোগ রাখা হয়নি
পুনঃভর্তি ফি নেই, নজরদারির তাগিদ
নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানের পরবর্তী শ্রেণিতে উঠলে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তির নামে নতুন করে কোনো ফি নেওয়া যাবে না।
অভিভাবকেরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নীতিমালা মানবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। শিক্ষাবিদদের মতে, কেবল নীতিমালা বা নির্দেশনা জারি করলেই হবে না; মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি নিশ্চিত না করা গেলে অভিভাবকেরা এর প্রকৃত সুফল পাবেন না।