শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বেতন বৃদ্ধির দাবিতে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ শ্রমিকদের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আতাউল্লাহ পলাশ • 14 নভেম্বর 2026, 06:34 সকাল • 4 বার পঠিত
বেতন বৃদ্ধির দাবিতে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ শ্রমিকদের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবি-দাওয়ার সুনির্দিষ্ট বাস্তবায়নের দাবিতে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হঠাৎ করেই রাস্তায় নেমে আসেন এবং গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও বেশ কিছু শ্রমিক বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা অনড় থাকায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও উত্তেজনার জেরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৫ থেকে ৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।


চন্দ্রা এলাকায় উত্তেজনা বিরাজ করলেও গাজীপুর ও আশপাশের অন্যান্য শিল্পাঞ্চল যেমন—টঙ্গী, কোনাবাড়ী, বোর্ডবাজার, শফিপুর, কালিয়াকৈর এবং মৌচাক এলাকায় শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন এবং সেখানে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া ও যান চলাচল অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করছেন।


জেলা প্রশাসন ও শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্রমিকদের মজুরি বোর্ড ও অন্যান্য দাবি নিয়ে আলোচনা চলছে এবং একটি যৌক্তিক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কোনো অবস্থাতেই মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

#জাতীয়