গাজায় মানবিক সহায়তা নিশ্চিতের তাগিদ: ই-থ্রি
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) গাজার বিদ্যমান পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছে। শুক্রবার দেশ তিনটির পররাষ্ট্র মন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের আহ্বান জানানো হয়েছে।
“আমরা ইসরায়েলের প্রতি পানি, বিদ্যুৎ সুবিধা পুনর্বহালসহ মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিক এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরের সুযোগ নিশ্চিত করুক,” ই-থ্রি নামে পরিচিত ইউরোপীয় দেশ তিনটির পররাষ্ট্র মন্ত্রীদের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
একইসঙ্গে হামাসের প্রতিও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রীরা বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সামরিক সমাধান সম্ভব নয়, বরং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
গাজায় জাতিসংঘের প্রকল্প পরিচালনা কার্যালয় (ইউএনওপিএস) ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ তিনটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।