ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক গির্জায় অগ্নিকাণ্ড
ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর নঁতের সেইন্ট পিয়েরে অ্যান্ড সেইন্ট পল গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে গির্জাটির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানাগেছে। শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছে, আগুনে পঞ্চদশ শতাব্দীর এই ঐতিহাসিক স্থাপনাটির কাঁচের জানালা ভেঙ্গে গেছে। এছাড়া ভবনের একটি প্রধান অংশও ধ্বংস হয়ে গেছে।
প্রসিকিউটর সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে তিন জায়গায় আগুন লাগে। কর্তৃপক্ষ এ ঘটনাকে অপরাধমূলক কাজ বলে ধারণা করছে। এর বেশি কিছু বলেননি প্রসিকিউটর। ফায়ার সার্ভিস দলের ১০৪ জন সদস্যের কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ১৯৭২ সালে আরো একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো মধ্যযুগের গথিক স্থাপনা, অনন্য শৈলীর এ গির্জাটিতে। সে সময় এর ছাদ পুড়ে যায়, যা একইভাবে নতুন করে মেরামত করতে ১৩ বছর সময় লাগে। তারও আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর বোমায়ও এর বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল।