দুবাইয়ে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2021, 03:12 দুপুর
•
822 বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই গুদামে রাখা রাসায়নিক থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, রোববার স্থানীয় সময় সকাল ১১টা ৯ মিনিটে দুবাইয়ের আল-কুজ বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্রচুর দাহ্য পদার্থ রাখা হয়েছিল। এগুলো থেকেই কোনভাবে আগুন ধরে গেছে। অগ্নিকাণ্ডের পর পরই সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পুরো ঘটনা এখনো পরিষ্কার নয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ওই গুদাম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।